
রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর আলোব্দি এলাকার ঝিলপার বস্তিসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
পুলিশের ভাষ্য, ওই এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তি ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পল্লবী থানার মোবাইল পেট্রোল টিমগুলো দ্রুত ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশের মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।