News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক ডেস্ক খবর 2026-09-13, 11:36am

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

kill-534735884d341071762ede7af01c53e81789277779.jpg


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় আসাদুল হক (৩৫) নামে আরেক যুবক নিহত হন। এ ঘটনায় শ্রী উদা চন্দ্র (৩৫) নামে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের হেফাজতে রয়েছেন।


শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপির কাছাকাছি ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আসাদুল হক এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম (৩৮)। আহত শ্রী উদা চন্দ্র উত্তর ইন্দ্রইল গ্রামের মনশা চন্দ্র রায়ের ছেলে।


স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের বিএসএফের ৬৩/চকশিবানন্দ ও ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প দায়িত্ব পালন করছে। শুক্রবার রাতে ও শনিবার ভোরে একদল বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয় সূত্রের দাবি।


এতে আসাদুল হক, মোস্তাকিম ও শ্রী উদা চন্দ্র গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আসাদুল হকের মৃত্যু হয়। পরে রাতে মোস্তাকিমেরও মৃত্যু হয়।


নিহত দুজনের মরদেহ বর্তমানে ভারতের ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শ্রী উদা চন্দ্র বিএসএফের হেফাজতে রয়েছেন।


দিনাজপুর ৪২ বিজিবির দাবি, নিহত আসাদুল হক চিহ্নিত চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।


বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, নিহত দুজনই স্থানীয় বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।


ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন সীমান্তে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে হতাহতের ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রতিবাদ জানাতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।