
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে নতুন করে আরও ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান।
মৃত দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে আল আমিনকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। ডেঙ্গুর পাশাপাশি তাঁর তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস, ডায়াবেটিস এবং ইস্কেমিক হার্ট ডিজিজ ছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে কুলসুমাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর ডেঙ্গুর সঙ্গে তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাসের সমস্যা ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।
ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৩ জনের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৭৫ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৩৮৪ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।