News update
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
  • হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা     |     
ক্রীড়া ডেস্ক খেলাধুলা 2026-09-23, 6:34am

হাতিরঝিলে তুর্কিশ এয়ারলাইনসের আন্তর্জাতিক হাফ ম্যারাথন

tarkish-a1757bc6912f68a521925d13f06b4a7e1790123672.jpg

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত তুর্কিশ এয়ারলাইনস অ্যাকটিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের দৌড়বিদেরা।


রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘তুর্কিশ এয়ারলাইনস অ্যাকটিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন ২০২৬’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার প্রতিযোগী ও অংশগ্রহণকারী এতে অংশ নেন।

বিশ্বের অন্য যেকোনো এয়ারলাইনসের তুলনায় বেশি দেশে ফ্লাইট পরিচালনাকারী তুর্কিশ এয়ারলাইনস ছিল এ আয়োজনের টাইটেল স্পনসর। ক্রীড়া চর্চার প্রসার এবং খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বন্ধন তৈরির গুরুত্ব তুলে ধরতেই আয়োজনটি করা হয়।

বাংলাদেশে তুর্কিশ এয়ারলাইনসের কার্যক্রমের ১৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনটি প্রতিষ্ঠানটির জন্য বিশেষ তাৎপর্য বহন করে। গত ১৫ বছর ধরে তুরস্কের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগের পাশাপাশি তুর্কিশ এয়ারলাইনসের বৈশ্বিক নেটওয়ার্কের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর ঐতিহ্যবাহী হাতিরঝিল এলাকায় আয়োজিত ম্যারাথনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বাংলাদেশে দৌড় ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মানুষের বাড়তে থাকা আগ্রহের চিত্রও উঠে আসে।

তুর্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয়ের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে বলেন, বাংলাদেশে কার্যক্রমের ১৫ বছর পূর্তি এমন একটি আয়োজনের মাধ্যমে উদযাপন করতে পেরে তারা আনন্দিত। আয়োজনটিতে চলমান জীবন, দৃঢ়তা ও মানুষের মধ্যে যোগাযোগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করার একটি অনন্য ক্ষমতা রয়েছে। একইভাবে উড়োজাহাজ চলাচল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, সংস্কৃতি ও গন্তব্যের মধ্যে যোগাযোগ তৈরি করে।’

বর্তমানে ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে তুর্কিশ এয়ারলাইনস সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে তুরস্কসহ এয়ারলাইনসটির বৈশ্বিক নেটওয়ার্কের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন যাত্রীরা।