News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক রাজধানী ও শহরতলী 2026-09-16, 8:10am

ঢাবিতে রাতে পরপর তিন ককটেল বিস্ফোরণ

coktail-af93b9fd121b211f85c2668c1b96706f1789524646.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, তারা বিস্ফোরণের ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টররা গেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।


পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।


এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


সুপ্রিম কোর্টের ওই বিস্ফোরণের ঘটনাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হতে পারে—এমন সম্ভাবনার কথাও তিনি বলেছেন। বিষয়টি তদন্তাধীন।