
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ দুটি দূর-অনুধাবন (রিমোট সেন্সিং) উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে চীন। এআই সক্ষমতাসম্পন্ন এসব উপগ্রহ মহাকাশেই তথ্য বিশ্লেষণ করতে পারবে, ফলে দুর্যোগের আগাম সতর্কতা ও কৃষি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় তথ্য কয়েক ঘণ্টার বদলে কয়েক মিনিটেই পাওয়া সম্ভব হবে বলে দাবি করেছে দেশটি।
বুধবার (৫ আগস্ট) পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের উপকূলীয় জলসীমা থেকে ‘স্মার্ট ড্রাগন-৩’ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটি উৎক্ষেপণ করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, এটি ছিল স্মার্ট ড্রাগন-৩ রকেটের ১২তম মিশন এবং চলতি বছরের চতুর্থ উৎক্ষেপণ। সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ পদ্ধতির মাধ্যমে উপগ্রহ দুটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।
উপগ্রহ দুটি তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার ডট এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড। এগুলোর মাধ্যমে উজবেকিস্তান ও ইন্দোনেশিয়াকে উন্নত রিমোট সেন্সিং সেবা দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উপগ্রহগুলো কাঁচা তথ্য পৃথিবীতে পাঠিয়ে পরে বিশ্লেষণ করে। কিন্তু নতুন এআইচালিত উপগ্রহগুলো মহাকাশেই তথ্য বিশ্লেষণ ও কম্পিউটিং সম্পন্ন করতে সক্ষম। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দুর্যোগের আগাম সতর্কতা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক তথ্য সরবরাহ অনেক সহজ হবে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি উপগ্রহ উজবেকিস্তানের তুলা শিল্পের পুরো উৎপাদন চক্র পর্যবেক্ষণ করবে। বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত বিভিন্ন ধাপের তথ্য বিশ্লেষণ করে উৎপাদন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সহায়তা করবে এটি।
অন্যদিকে দ্বিতীয় উপগ্রহটি ইন্দোনেশিয়ার কৃষি খাতের জন্য ব্যবহৃত হবে। এটি ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন এবং কৃষি ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
চীনের দাবি, এই উৎক্ষেপণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তির সমন্বয়ে তাদের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে কৃষি, আবহাওয়া পূর্বাভাস, খনিজ অনুসন্ধান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।