News update
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
বঙ্গলোক ডেস্ক অর্থ ও বাণিজ্য 2026-09-23, 6:40am

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

world-bank-7d0b46bbd4a77de9eaafd3f89b820fa01790124059.jpg

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট আজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক।


বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট আজয় বাঙ্গার সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ভবিষ্যতে অংশীদারত্বের নতুন ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে নতুন নতুন উন্নয়ন প্রকল্পে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা এবং জ্বালানি ও সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, সরবরাহব্যবস্থার বিঘ্ন যাতে উন্নয়ন কার্যক্রমে প্রভাব না ফেলে, সে বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রতিনিধিদলের প্রধান ও তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দেন।

নিউইয়র্কে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে জাতিসংঘের সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ। এতে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন অগ্রাধিকার এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।