News update
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
  • হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-09-23, 6:44am

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক

pm-5109d85d95fece7816d9704e6e5b12791790124293.jpg

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ভুটান ও মালদ্বীপের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দেওয়ার সময় এ দুই নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভুটান ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন নেতারা।

দুই বৈঠকেই দ্বিপক্ষীয় সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও মতবিনিময় করেন তারা।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রতিনিধিদলের প্রধান ও তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দেন।

নিউইয়র্কে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আরও কয়েকটি দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তার প্রথম ভাষণ হবে।