News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক প্রবাস বাংলা 2026-09-13, 11:47am

প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান ইসির

ec-2f53e6f3f2acb041a4e0737e58c453211789278443.jpg


ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগে নিবন্ধিত ভোটারদের সম্মতি নিশ্চিত করার পাশাপাশি নতুন ভোটারদেরও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়েছে কমিশন।


রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।


ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। এসব ভোটারকে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করতে হবে।


সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে না পারা প্রবাসী ভোটারদের জন্যও নতুন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। এ জন্য আগ্রহী ভোটারদের ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।


নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটাররা উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।


নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও সম্মতি নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।