News update
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
  • হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা     |     
বঙ্গলোক ডেস্ক প্রবাস বাংলা 2026-09-22, 6:59am

তারেক রহমানকে স্বাগত জানাতে জ্যাকসন হাইটসে বিএনপির মিছিল

bnp-leader-c2acff6a294bb33f66e3283be825422d1790038791.jpg


নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশি-আমেরিকানদের অন্যতম প্রধান বসতি জ্যাকসন হাইটসে বিএনপির নেতা-কর্মীদের পৃথক কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিএনপির নিউইয়র্ক সিটি ইউনিট, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মিছিল থেকে ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এবং ‘নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতারা সমাবেশে বক্তব্য দেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

বিএনপির স্থানীয় কর্মী পারভেজ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের বিরোধিতা করে বক্তব্য দেন।

আরেক কর্মী খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর সময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে তাকে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে।

নিউইয়র্কে বসবাসরত বিএনপি সমর্থক শফিউল আলম বলেন, তারেক রহমানের নিউইয়র্ক সফর বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। তাকে স্বাগত জানাতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেক নেতা-কর্মী ও সমর্থক নিউইয়র্কে এসেছেন।

তিনি বলেন, ‘তারেক রহমান নিউইয়র্কে আসছেন। আমাদের জন্য এটি বড় একটি উপলক্ষ।’

ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কে আসা সাব্বির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বক্তব্য দেওয়া গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তার বক্তব্যে বাংলাদেশের নতুন ভাবনা ও পরিকল্পনা তুলে ধরার বিষয়টি শুনতে তারা অপেক্ষা করছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা জ্যাকসন হাইটসে একাধিক কর্মসূচি পালন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তিনি ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাকে মোটর শোভাযাত্রায় নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। ২৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া তারেক রহমানের জাতিসংঘে এটি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ।

সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে কর্মসূচিতে রয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়েও উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতিসংঘের সদর দপ্তর ও আশপাশের এলাকায় নিউইয়র্ক পুলিশ বিভাগ, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, এফবিআই, স্টেট ডিপার্টমেন্টের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এবং জাতিসংঘ পুলিশ সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।