
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকসটাউনের চিলি বাসিল অথেন্টিক থাই রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সভায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যরাও অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এজিএম ও নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, সদস্যপদ নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
ঘোষিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সদস্যপদের আবেদন যাচাই-বাছাই করা হবে। ৭ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ অক্টোবর ২০২৬, রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের অন্যতম পেশাজীবী প্ল্যাটফর্ম এবিজেএ। বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ২০১৪ সালে এ উদ্যোগের সূচনা হয়। পরবর্তীতে ২০১৭ সালে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত হয়। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রাখা হয়।
প্রতিষ্ঠার পর থেকে এবিজেএ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে কাজ করে আসছে। একই সঙ্গে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় সাংবাদিক, কমিউনিটির সদস্য এবং বাংলাদেশে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এবিজেএ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
এবারের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমে নবীন ও প্রবীণ সাংবাদিকদের পাশাপাশি লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রেস ও মিডিয়া কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ জিয়াউল কবির (জিহন)-এর বড় ভাই, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা শরিফ আল মোমিনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।