
বাংলাদেশে আওয়ামী লীগের সাত নেতা-কর্মীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ এবং সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে সিডনিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার সিডনি আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি সিডনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সিডনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট ড. সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা হক এবং আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা হক বলেন, “এই অবৈধ রায় আমরা মানি না, মানবও না। আওয়ামী লীগ গণমানুষের দল। আজ বাংলাদেশে সফলভাবে লকডাউন পালিত হচ্ছে এবং জনগণ তা পালন করছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আপনারা সবাই প্রস্তুত থাকুন।”
বক্তব্যে ড. সিরাজুল হক বলেন, “ড. ইউনূস অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছেন। তার ছত্রচ্ছায়ায় বিএনপি সন্ত্রাসী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশের মানুষ আজ শান্তিতে নেই।”
তিনি আরও বলেন, “খুব তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে ফিরবেন এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন।”
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন মামলার রায় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন সদস্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তারা।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এএফএম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ২০২৪ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। মামলাটি তাদের অনুপস্থিতিতে পরিচালিত হয়।