
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁর দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়। ইতিহাসে কোনো সরকারই জনগণের ওপর চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসক ও সরকারেরও বিদায় হয়েছে। তাই গণতন্ত্রের মূল শক্তি জনগণ এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।
কৃষি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও কৃষিকাজের সঙ্গে জড়িত। তাই কৃষকের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশ্বাস করেন। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে সরকার প্রস্তুত। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের কৃষি খাতের উন্নয়ন। কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, একসময় দেশের বিভিন্ন কৃষিপণ্য আমদানি করতে হতো। বর্তমানে অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে। ভবিষ্যতে দেশের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং পেঁয়াজ রপ্তানির পরিকল্পনা করা হবে। একইভাবে অন্যান্য কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে সেগুলো রপ্তানির পরিকল্পনাও সরকারের রয়েছে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।