News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-02, 9:21am

সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

lng-8b8a2268b5d3a89f348d5990b846c29b1788319265.jpg


চলমান গ্যাসসংকট কাটাতে দেশে ১০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই কার্গো আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে আটটি কার্গোর ক্রয়চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। বাকি দুটি কার্গো আনতে দরপত্র প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।


পেট্রোবাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান আজ বাসসকে বলেন, ‘এখন পর্যন্ত আটটি কার্গোর আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাকি দুটি কার্গোর জন্য দরপত্র প্রক্রিয়া চলছে।’


তিনি জানান, নবম কার্গোর জন্য পাওয়া দরপত্রের নথি আগামীকাল যাচাই-বাছাইয়ের জন্য খোলা হবে। আর দশম কার্গোর জন্যও দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে।


পেট্রোবাংলার এই কর্মকর্তা জানান, এসব কার্গোর বেশির ভাগ এলএনজি স্পট মার্কেট থেকে কেনা হয়েছে। তবে কিছু এলএনজি আগে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় আমদানি করা হয়েছে।


মিজানুর রহমান বলেন, আগস্টে সরকার ছয়টি এলএনজি কার্গো আমদানি করেছে। এর আগে জুলাইয়ে দেশে এসেছিল নয়টি কার্গো।


এদিকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) থেকে বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক ৭১১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সব মিলিয়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমানে দৈনিক ২ হাজার ৩২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসছে ১ হাজার ৬১৮ মিলিয়ন ঘনফুট।


কর্মকর্তারা জানান, দেশে দৈনিক গ্যাসের আনুমানিক সর্বনিম্ন চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।


সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিক সরবরাহ


এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।


তবে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের জ্বালানি সরবরাহেও পড়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন রিজভী।


তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। গ্যাসসংকট নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাজেট থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


মহেশখালীর দুটি এফএসআরইউয়ের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার প্রসঙ্গে রিজভী বলেন, ওই ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। ফলে ইউনিটটি পুনরায় গ্যাস পুনঃগ্যাসীকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে।


রিজভী বলেন, ‘সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক থাকবে। এরই মধ্যে আমরা এর কিছু ইতিবাচক ইঙ্গিত দেখতে পাচ্ছি।’ সূত্র: বাসস