News update
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-09-22, 6:44am

বিমানের টয়লেটে মিলল সাড়ে ৫ কেজি সোনা, মূল্য ১১ কোটি টাকা

gold-air-b815d7a6c40e2e92e2db5dd86cd8685b1790037882.jpg

সিঙ্গাপুর থেকে আসা বিমানের টয়লেট থেকে উদ্ধার করা সোনার বার। ছবি: সংগৃহীত


সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে প্রায় ৫ কেজি ৮৩২ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা।

সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটে বিপুল পরিমাণ সোনা পাচার করে আনা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটির বিভিন্ন অংশে ব্যাপক তল্লাশি শুরু করেন সিআইআইডির কর্মকর্তারা।

প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর উড়োজাহাজের একটি টয়লেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। সব মিলিয়ে সোনার ওজন দাঁড়ায় ৫০০ তোলা, যা প্রায় ৫ কেজি ৮৩২ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার কোনোটি যাত্রীর লাগেজ থেকে পাওয়া যায়নি। উড়োজাহাজের টয়লেটের ভেতরে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। ফলে সোনাগুলো কীভাবে উড়োজাহাজে ওঠানো হয়েছে এবং বিমানবন্দর থেকে তা বের করে নেওয়ার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে তদন্তের প্রয়োজন দেখা দিয়েছে।

সিআইআইডি সূত্র জানায়, উড়োজাহাজে সোনা লুকিয়ে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করা হবে। একই সঙ্গে এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালানচক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে ১০০টির বেশি সোনার বার থাকার তথ্য পাওয়া যায়। তবে তল্লাশি শেষে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সোনা চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। বড় চালান শনাক্ত ও উদ্ধারের পাশাপাশি এসব চোরাচালানচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কার্যক্রম চালানো হবে।