
মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে যেকোনো হামলা কিংবা নিরাপত্তা হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস।
এক বিবৃতিতে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি মিলিশিয়ার চালানো হামলার নিন্দা জানান তিনি। একই সঙ্গে মক্কার পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শায়খ সুদাইস বলেন, পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষা ও মৌলিক মানবিক মূল্যবোধের পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এসব স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা অত্যন্ত গুরুতর বিষয়।
সংকট ও অনিশ্চয়তার সময়ে মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন শায়খ সুদাইস। তিনি জনগণকে জাতীয় সংহতির প্রতি সমর্থন জানাতে এবং তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
গুজব, বিভ্রান্তিকর তথ্য ও যাচাইহীন প্রতিবেদন ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে হবে। একই সঙ্গে এমন কনটেন্ট এড়িয়ে চলতে হবে, যা সমাজে বিভ্রান্তি, বিভাজন বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষার কথা উল্লেখ করে শায়খ সুদাইস বলেন, মুসলমানদের আগ্রাসন থেকে বিরত থাকা, অনাচার প্রতিরোধ করা এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতির শেষে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতা অব্যাহত থাকার জন্য দোয়া করেন শায়খ সুদাইস। পাশাপাশি পবিত্র স্থানগুলো এবং সেগুলোর সেবা ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষার জন্যও প্রার্থনা করেন তিনি।
এ ছাড়া মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন মসজিদুল হারামের এই শীর্ষ কর্মকর্তা। বিভিন্ন সম্প্রদায়কে ক্ষতি ও সংকট থেকে রক্ষার জন্যও তিনি প্রার্থনা করেন।