News update
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক 2026-09-22, 6:36am

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি মারা গেছেন

ibrahim-71f22cde790e93efe5d7cb77bbc8eae11790037409.jpg

পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি। ছবি: সংগৃহীত


পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি ইন্তেকাল করেন। হারামাইন শরিফাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের এক্স অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য ছিলেন। মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালনকারী মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।

মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য শায়খ ইবরাহিম আল-মাদানি বিশেষভাবে পরিচিত ছিলেন।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠে দেওয়া বিভিন্ন রেকর্ড সংরক্ষিত রয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিনজীবনের সূচনা হয়।

১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মদিনায় বেড়ে ওঠার কারণে শায়খ ইবরাহিম আল-মাদানি আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত ছিলেন। পাশাপাশি তার বাবা তাকে মক্কায় নিয়ে গেলে তিনি মক্কার আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও পরিচিত হন।

মক্কায় অবস্থানকালে তিনি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। এর মাধ্যমে তিনি মক্কি ও মাদানি দুই ধারার আজানের বৈশিষ্ট্য কাছ থেকে শেখার সুযোগ পান।

দীর্ঘ মুয়াজ্জিনজীবনে শায়খ ইবরাহিম আল-মাদানি পবিত্র মসজিদুল হারামে আজান ও তাকবির দেওয়ার মাধ্যমে মুসল্লিদের কাছে পরিচিত হয়ে ওঠেন। তার কণ্ঠের আজান ও তাকবিরের বিভিন্ন রেকর্ড ভবিষ্যতেও ইসলামী ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষিত থাকবে।