News update
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-08-07, 9:27pm

আগামী ৯ আগস্ট চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

pm-pm-0105b8f036d7fa672456b5828202a0b11786116444.jpg


আগামী ৯ আগস্ট একদিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি মহেশখালী ও চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসূচি চূড়ান্ত হওয়ার পর তাঁর সফর ঘিরে কক্সবাজার ও চট্টগ্রামে প্রশাসনিক এবং দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।


চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।


পরে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই সঙ্গে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর।


এরপর দুপুর ১টার দিকে ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন।


সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী।


সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সভা


সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান।


বিএনপির নেতারা জানান, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। সভায় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। দলের তৃণমূলের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পদধারী নেতারা সভায় অংশ নেবেন। দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করেছেন—এমন কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও সভায় আমন্ত্রণ জানানো হবে।


দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, বাঁশখালীতে প্রধানমন্ত্রীর কোনো জনসভা হবে না। তবে তাঁকে একনজর দেখতে বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হতে পারেন। এ বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।


প্রশাসনের প্রস্তুতি


চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।


সফরসূচি অনুযায়ী, রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।