
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেলের বৈষম্য দূর করে দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এমপি।
শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ ছিল না। অনেককে জামায়াত-বিএনপির দোসর আখ্যা দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মোহাম্মদ নুরুল হক বলেন, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করা প্রয়োজন। দ্রুত পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে নানা ক্ষেত্রে অনিয়ম ও বৈষম্য করা হয়েছে। বর্তমান সরকারের স্বল্প মেয়াদের সময়ে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের কর্মসূচি দেওয়া সমীচীন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে সবার আগে তারাই বিপদে পড়বেন। তাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি পরিষদের সভাপতি তাসলিমা আক্তার, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আব্দুল খালেক, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মোহাম্মদ বদরুল আলম সবুজসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি, বেতন বৈষম্য দূরীকরণ, পে-স্কেল বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।