News update
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
জাতীয় 2026-08-08, 8:43am

ইতালির বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান

biman-4a3bc4db6a1ed0b23dfdac5194f55c5d1786157039.jpg


প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইট। উড়োজাহাজটিতে প্রায় ২৬০ জন যাত্রী রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় শিশু ও বয়স্কসহ বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।


শুক্রবার (৭ আগস্ট) ইতালীয় স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণের পর ফ্লাইটটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। এরপর উড়োজাহাজটি মেরামতের প্রয়োজন বলে যাত্রীদের জানানো হয়।


যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকায় ফেরার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির বিরতি ছিল। রোমে অবতরণের পর প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি আর ঢাকার উদ্দেশে রওনা হতে পারেনি।


শুক্রবার দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে, সে বিষয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।


ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ বোধ করছেন। তাঁদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।


শরিফুল বলেন, ‘এখানে অনেক যাত্রী আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।’


তিনি আরও বলেন, ‘বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন।’


এদিকে, উড়োজাহাজটির প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।


ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।


ফলে দীর্ঘ সময় ধরে রোমে আটকে থাকা ফ্লাইটটির যাত্রীদের কখন ঢাকার উদ্দেশে রওনা করানো হবে এবং তাঁদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো অনিশ্চিত।