News update
  • বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন     |     
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক     |     
  • নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান     |     
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
ইমরুল কাওছার, শরিয়তপুর প্রতিনিধি: জাতীয় 2026-09-01, 7:12am

গভীর রাতেও জাজিরার নাওডোবা ইউপি কার্যালয়ে জাতীয় পতাকা, ক্ষুব্ধ স্থানীয়রা

whatsapp-image-2026-09-01-at-5-385d941289bb361cdba8be9a6a8b69801788225176.jpeg


শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনের কার্যক্রম শেষ হওয়ার পরও গভীর রাত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাত প্রায় ১২টার দিকে পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ঝুলতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী সূর্যাস্তের পর জাতীয় পতাকা যথাযথ নিয়মে নামিয়ে সংরক্ষণ করার কথা। তবে সোমবার রাতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাওডোবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দিনের বেলায় উত্তোলন করা পতাকাটি নামানো হয়নি।


রাত প্রায় ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা তখনো উত্তোলিত রয়েছে। অফিসের স্বাভাবিক কার্যক্রম শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরও পতাকা যথাযথভাবে নামানো না হওয়ায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


তাদের ভাষ্য, জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক। তাই কোনো সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও সংরক্ষণের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় কাম্য নয়। তাদের মতে, বিষয়টি ইচ্ছাকৃত অবমাননা না হলেও দায়িত্ব পালনে গাফিলতির কারণে জাতীয় পতাকার যথাযথ মর্যাদা রক্ষার বিষয়টি উপেক্ষিত হয়েছে।


তবে এ ঘটনাকে সরাসরি জাতীয় পতাকার অবমাননা হিসেবে অভিহিত করার ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানিয়েছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, পতাকা ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের পরও পতাকা নামানো না হলে জাতীয় পতাকা ব্যবহারের বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।


এ বিষয়ে নাওডোবা ইউনিয়ন পরিষদের সচিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে গভীর রাত পর্যন্ত পতাকা নামানো হয়নি কেন, সে বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব গ্রাম পুলিশের। গভীর রাত পর্যন্ত পতাকা উত্তোলিত থাকার বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।


স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পতাকার মর্যাদা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদসহ সব সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্ক ও সচেতন হতে হবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই দাবি তাদের।