News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক জাতীয় 2026-09-18, 10:34pm

জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

solar-e2cf1817f9bb7713307949ada414cb681789749282.jpg


টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে জারি করা চিঠিটি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের অধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এর আওতায় জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ অন্যান্য ভবন রয়েছে।


প্রতিটি স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।


নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি জেলা পরিষদগুলোর অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।


সরকারের নির্দেশনায় আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি এসব স্থাপনায় বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুতের সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।


অন্যদিকে, যেসব জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, সেসব পরিষদ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তা নিতে পারবে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।


সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি এর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দিয়েছে সরকার। নির্দেশনায় সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার কথা বলা হয়েছে।


এর ফলে সৌর প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি স্থাপনাগুলোর সৌরবিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘমেয়াদে সচল রাখার সুযোগ তৈরি হবে।


সরকারি নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সব কাজ সম্পন্ন করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলা পরিষদের বিভিন্ন সরকারি স্থাপনায় প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি অবদান রাখার সুযোগ তৈরি হবে।