News update
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-09-22, 6:41am

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম ভাষণ

prime-minister-tarique-rahman-arrived-in-new-york-on-monday-74400df6b5ea088ffe5bb68020f8ca341790037660.jpg

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউইয়র্কে পৌঁছায়।

বিমানবন্দরের টার্মিনাল-১-এর ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়কের পাশে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়। হোটেলের প্রবেশপথেও জাতীয় পতাকা হাতে একটি দল প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় উপস্থিত ব্যক্তিরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। এর বিপরীতে সড়কের অন্য পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দলটির কার্যক্রম বর্তমানে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকাতেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বলে বাসস জানিয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। জাতিসংঘের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের আনুষ্ঠানিক কার্যক্রম মঙ্গলবার শুরু হওয়ার কথা। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসাইন মোহাম্মদ লতিফ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিনে জলবায়ু পরিবর্তন ও ন্যায্য রূপান্তর নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের একটি উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মাতৃ ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যার অন্তর্ভুক্তি নিয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন।

জাতিসংঘ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দেশের অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকও করবেন।

সফরের শেষ পর্যায়ে ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিন যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এরপর স্থানীয় সময় রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নিউইয়র্ক সফর। এর আগে জুনে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন।