
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে জুলি বিশপের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি জানান।
তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংকটের মূল কারণগুলো মোকাবিলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত হিসেবে জুলি বিশপ রোহিঙ্গা সংকটসহ মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করছেন।