
নিউইয়র্কে তুর্কিশ হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার নিউইয়র্কের ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কিশ হাউসে দুই নেতার মধ্যে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা করেন দুই নেতা।
এ ছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন তারা। এসব বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অব্যাহত ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন দুই নেতা।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়েও তারা একমত হন।