News update
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
  • গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশিই ৭২     |     
খবর 2026-08-08, 8:14am

লাথির শিকার স্কুলছাত্রীকেই টিসি, ক্ষোভ

school-girl-video-vairal-5d5023d51cba8c6109500ed148fe39ab1786155283.jpg


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলড্রেস পরা চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার শিকার ওই ছাত্রীকেই স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরার অভিযোগে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে ঘটেছে।


জানা গেছে, প্রায় এক মাস আগে বিদ্যালয় চলাকালে ওই ছাত্রী এক সহপাঠীর সঙ্গে কাঁচপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় যায়। সেখানে সাড়ে ১১ বছর বয়সী এক কিশোর পেছন থেকে তাকে পরপর দুটি লাথি মারে। সঙ্গে থাকা অন্য কেউ মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করে পরে টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দেয়।


ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক হয়। সেখানে অভিযুক্ত কিশোরকে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাইতে দেখা যায়। সে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথাও জানায়।


ভুক্তভোগী ছাত্রীর বাবা একজন পোশাকশ্রমিক। তিনি অভিযোগ করেন, ঘটনার বিচার বা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ‘স্কুল সময়ে বাইরে ঘোরাফেরা’র অভিযোগে তার মেয়েকে টিসি দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সিদ্ধান্তেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তি করানো নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন।


তবে ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘটনাটি বিদ্যালয়ের সীমানার বাইরে ঘটেছে। স্থানীয় লোকজনই ছেলে ও ছাত্রীদের বিষয়ে সালিস করেছে। পরে স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে।


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।