News update
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
  • গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশিই ৭২     |     
বঙ্গলোক ডেস্ক খেলাধুলা 2026-08-07, 10:34pm

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

sakib-2-8c57e0904bf9b4a45ada081d4a6f91c11786120487.jpg


২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে ফেরা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে ওই বছরের অক্টোবরে দেশে ফেরার ইচ্ছা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। দুবাই পর্যন্ত এসে তাকে ফিরে যেতে হয়েছিল।


তবে এখনও দেশের মাটিতে ফিরে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন দেখেন সাকিব। পাশাপাশি সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে নিজের বিরুদ্ধে হওয়া মামলাগুলোরও আইনি মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।


বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত।”


২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ওই সময় তিনি ছিলেন সংসদ সদস্য। তবে এখনো জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসর নেননি তিনি।


৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার জানিয়েছেন, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের হয়ে খেলার ইচ্ছা রয়েছে তার।


সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বিচারের মুখোমুখি হওয়ার কথাও বলেছেন।


শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, “যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে আমি নেত্রীর সঙ্গেই ফেরার চেষ্টা করব। নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলব।”


সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়েও কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাকিব। তার দাবি, ওই অনুষ্ঠানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথাই বলেছেন।