News update
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ শপিংমল-মার্কেট, ৭টায় বিলবোর্ড     |     
  • কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতিতে তরুণরাই মূল চালিকাশক্তি: স্বপন     |     
  • সিলেটে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা     |     
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন      |     
  • সামুদ্রিক বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত     |     
বঙ্গলোক ডেস্ক খবর 2026-08-12, 8:16pm

সিলেটে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা

9798748978989748-a94e50992f420b671106cae1f1bc29f61786544166.jpg


সিলেট নগরীর রায়নগরের রাজবাড়ী মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে মিতালী ১১১ নম্বর নিকুঞ্জ ভিলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বাসাটির মালিক আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (১৫)।
পুলিশ জানায়, আব্দুস সাত্তারের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। তার এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।
সকালে খবর পেয়ে পুলিশ বাসার দ্বিতীয় তলায় আব্দুস সাত্তারের ফ্ল্যাটে যায়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাসাটির সামনে ভিড় করেন। পরে ঘটনাস্থলে যায় পুলিশের বিশেষ দল। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমও ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, বন্ধ ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘তিনতলা বাসার দোতলার একটি ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দরজা খুলে তিনজনের মরদেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দুটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদের হত্যা করেছে কি না, অথবা জমি নিয়ে কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।