News update
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ শপিংমল-মার্কেট, ৭টায় বিলবোর্ড     |     
  • কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতিতে তরুণরাই মূল চালিকাশক্তি: স্বপন     |     
  • সিলেটে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা     |     
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন      |     
  • সামুদ্রিক বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত     |     
খবর 2026-08-12, 8:39pm

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতিতে তরুণরাই মূল চালিকাশক্তি: স্বপন

whatsapp-image-2026-08-12-at-10-3d985d4960e3609a5170e89122fe353c1786545578.jpeg

ছবি: পিএইডি


তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে নতুন সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে তরুণরাই প্রধান চালিকাশক্তি।

তিনি বলেন, “পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ চলমান নতুন বাস্তুতন্ত্রে প্রতিদিন সৃষ্টি হওয়া নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই প্রতিটি দেশের দায়িত্ব হলো তরুণদের সঠিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা।”

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘২০২৬—ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে স্বপন বলেন, এআইসহ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন মানবসভ্যতার জন্য একটি বড় আশীর্বাদ হলেও এর সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি হয়েছে।

তিনি বলেন, “প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে পরবর্তী সময়ে কী আসতে যাচ্ছে, তা অনুমান করাও কঠিন।”

জ্ঞান এখন আর কোনো স্থির বা অপরিবর্তনীয় বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই প্রবীণ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন এই বাস্তুতন্ত্রের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। 

তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে নতুন প্রযুক্তিনির্ভর সংকটও যুক্ত হচ্ছে।

তবে স্বপন বলেন, তরুণদের জন্য নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান সরবরাহের উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পুরোপুরি গড়ে ওঠেনি।

তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত নতুন জ্ঞানকে তরুণদের মধ্যে পৌঁছে দেওয়া এবং তাদের দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় তরুণদের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে স্বপন বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে তিনি তরুণদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন।

তিনি বলেন, খেলাধুলার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিভিন্ন পেশার যুব প্রতিনিধি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। 

সূত্র: বাসস