News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক খবর 2026-09-18, 10:29pm

রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ

coktel-19b1c60b065fa3d9a18156d6d03219d81789749098.jpg


রাজধানীর চারটি এলাকায় অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী ও যাত্রাবাড়ীতে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুরে মালিবাগ রেলগেটসংলগ্ন একটি পরিবহনের কাউন্টারের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পরে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালীতে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বনানী থানা পুলিশ জানায়, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার ফটকের অদূরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এগুলো ককটেল বিস্ফোরণ কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. হাসানুর জানান, বিস্ফোরণের শব্দ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবারের এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পৃথক ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর ওই বিস্ফোরণ ঘটে।

সেদিন রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।