News update
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
  • হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা     |     
মৌলভীবাজার প্রতিনিধি খবর 2026-09-23, 7:19am

শ্রীমঙ্গলে বাসের চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

98798-805a5b515b505ed7d2806510e63190281790126391.jpg

শ্রীমঙ্গলে বাসের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লসনা এলাকায় ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন শ্রীমঙ্গলের মাইজদী চা-বাগানের বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।