News update
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
নিজস্ব প্রতিবেদক খবর 2026-09-23, 7:25am

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নির্মাণশ্রমিকসহ নিহত ৫

capital-27f08504c8e23c89383aa5ad890892e91790126726.jpg

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত


রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নির্মাণশ্রমিক, মোটরসাইকেল আরোহী, এক নারী ও এক কিশোরসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার বারিধারা, বনানী, ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বারিধারায় ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারা ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী ওই সময় ফুটপাতে বসেছিলেন। গাড়িটি ফুটপাতে উঠে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেদী নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্বাস।

দুর্ঘটনার পর স্থানীয়রা এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের অভিযোগ, ওই কিশোর বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। তবে গুলশান থানা পুলিশ জানিয়েছে, গাড়িটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তার। আটক কিশোর ওই কর্মকর্তার ছেলে। পুলিশ বলছে, কিশোরটি গাড়িতে থাকলেও সেটি অন্য একজন চালাচ্ছিলেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় দায়ী গাড়িটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।

রাজধানীর বনানীতে পৃথক দুটি দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দুলালী বেগম (৫০)। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম জানান, দুলালী ময়লার স্তূপ থেকে ভাঙারি জিনিসপত্র কুড়াচ্ছিলেন। এ সময় সিটি করপোরেশনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। দুলালী শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। এ কারণে গাড়ির শব্দ বা হর্ন তিনি শুনতে পাননি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুলালী কড়াইল বস্তিতে থাকতেন। তার স্বামীর নাম বাদশা মিয়া। গ্রামের বাড়ি শেরপুরে। তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তার এক সহকর্মীর মোটরসাইকেলে করে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। ওই সময় লাবিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। সোহেল বাসের সামনে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। আহত মোটরসাইকেলচালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দায়ী বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি।

রাজধানীর ভাটারার নতুন বাজারের সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু রবিউল জানান, তারা দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। সাঈদনগর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সুমন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমন পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন।

এদিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় চলন্ত লেগুনা থেকে পড়ে সাগর নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমে সাগরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী মো. ইব্রাহিম জানান, সাগর ঢাকা উদ্যানের একটি ১৬ তলা ভবনের পাশে থাকত। তার বাবার নাম ফিরোজ। কখনো হেলপার হিসেবে কাজ করত, আবার কখনো অটোরিকশা চালাত। দুর্ঘটনার সময় তার বন্ধু রিফাতের চালানো লেগুনার পেছনে ঝুলে বাসায় ফিরছিল সাগর। পথে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ঝাঁকুনিতে সে নিচে পড়ে যায়।

রাজধানীতে একদিনে পৃথক এসব দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন উদ্ধারের পাশাপাশি দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।