News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
বঙ্গলোক রিপোর্ট : ধর্ম ও জীবন 2026-07-29, 9:53am

মেসওয়াক করার ফজিলত ও উপকারিতা কী

miswak-teeth-clean-brush-50475e96effa313451cf26722fe051201785297232.jpg


ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইবাদত-বন্দেগির পাশাপাশি দৈনন্দিন পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের প্রতিও ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। মেসওয়াক তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এটি দাঁত পরিষ্কারের প্রাকৃতিক উপায়ের পাশাপাশি মহানবী (সা.)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। মেসওয়াকের মাধ্যমে যেমন মুখ ও দাঁত পরিচ্ছন্ন থাকে, তেমনি আল্লাহর সন্তুষ্টিও অর্জিত হয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও মেসওয়াকের নানা স্বাস্থ্যগত উপকারিতা স্বীকার করেছে।

রাসুলুল্লাহ (সা.) মেসওয়াককে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন, ‘যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি প্রত্যেক নামাজের সময় তাদের মেসওয়াক করার নির্দেশ দিতাম।’ (সহিহ্ বুখারি: ৮৮৭)


এই হাদিস থেকে বোঝা যায়, উম্মতের কষ্টের কথা বিবেচনা করে তা ফরজ করা হয়নি, কিন্তু এর গুরুত্ব এত বেশি যে নবীজি (সা.) প্রায় প্রতিটি নামাজের আগে এটি করতে উৎসাহিত করেছেন।

মেসওয়াকের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘মেসওয়াক মুখকে পবিত্র ও পরিচ্ছন্ন করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে।’ (সুনানে নাসায়ি: ৫)


এই হাদিসে মেসওয়াকের দুটি বড় উপকারিতা উল্লেখ করা হয়েছে, একটি দুনিয়াবি, অন্যটি আখিরাতের। দুনিয়াবি উপকার হলো মুখের পরিচ্ছন্নতা ও দুর্গন্ধ দূর হওয়া। আর আখিরাতের উপকার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।


রাসুল (সা.)-এর দৈনন্দিন জীবনে মেসওয়াক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তিনি ঘুম থেকে জেগে, অজুর সময়, নামাজের আগে, ঘরে প্রবেশের সময় এবং কোরআন তিলাওয়াতের আগে মেসওয়াক করতেন। এমনকি মৃত্যুশয্যাতেও তিনি মেসওয়াক করেছেন। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, মৃত্যুর আগে আবদুর রহমান ইবনে আবু বকর (রা.)-এর হাতে থাকা মেসওয়াক দেখে রাসুল (সা.)-এর আগ্রহ প্রকাশ পেলে তিনি সেটি নরম করে নবীজিকে দেন এবং তিনি তা দিয়ে মেসওয়াক করেন। (সহিহ বুখারি: ৪৪৪৯)

মেসওয়াকের রয়েছে অসংখ্য স্বাস্থ্যগত উপকারিতা। এটি দাঁতের ময়লা দূর করে, মাড়ি শক্ত করে, মুখের দুর্গন্ধ কমায়, জীবাণুর আক্রমণ হ্রাস করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। বর্তমান সময়ে অনেকেই শুধু টুথব্রাশ ও টুথপেস্টের ওপর নির্ভর করেন। এগুলো ব্যবহার করা অবশ্যই বৈধ। তবে এর পাশাপাশি মেসওয়াকের সুন্নাহকেও জীবিত রাখা উচিত।