News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
ক্রীড়া ডেস্ক খেলাধুলা 2026-09-16, 8:55am

শেষ মুহূর্তের গোলে এলচেকে হারাল রিয়াল

real-4bca24304861acde5770fdbe3cc2503b1789527319.jpg


প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েও ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটা কঠিন হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদের জন্য। দ্বিতীয়ার্ধে মাত্র ১২ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে স্প্যানিশ জায়ান্টরা। তবে শেষ মুহূর্তে তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপির গোলে সেই শঙ্কা দূর হয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার করা নাটকীয় গোলেই এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়ে লা লিগায় পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে রিয়াল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এলচের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। ভিনিসিয়ুস জুনিয়র একাধিক সুযোগ নষ্ট করায় দ্রুত ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।

২৫ মিনিটে আরদা গুলেরের বাঁকানো ফ্রি-কিক পোস্টে লেগে এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরোর গায়ে প্রতিহত হয়ে জালে জড়ায়। আত্মঘাতী ওই গোলে এগিয়ে যায় রিয়াল।

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ইয়ান দিওমান্দের পাস থেকে ৩৩ মিনিটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে লা লিগায় নিজের ষষ্ঠ ম্যাচে এটি তার সপ্তম গোল। একই সঙ্গে লিগে এটিই দিওমান্দের প্রথম গোল-সহায়তা।

গোলের পর ছুটে আসা গোলরক্ষক দিতুরোর সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে চোট পান এমবাপ্পে। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবারও মাঠে ফেরেন তিনি।

বিরতির আগে আরও একবার বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রও সহজ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণভাগকে চাপে ফেলে এলচে। ৭১ মিনিটে আবিয়েল অসোরিও হেডে গোল করে ব্যবধান কমান। এরপর ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় ফের নিনো দারুণ এক শটে গোল করে এলচেকে সমতায় ফেরান।

২-২ সমতায় ম্যাচ যখন শেষ হওয়ার পথে, তখনই রিয়ালের হয়ে ত্রাতা হয়ে ওঠেন ২১ বছর বয়সী কার্লোস এসপি। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বদলি হিসেবে মাঠে নামা এই তরুণ যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে রিয়ালকে নাটকীয় জয় এনে দেন। এমবাপ্পের বাড়ানো কাটব্যাক থেকে ঠাণ্ডা মাথায় ট্যাপ-ইনে বল জালে পাঠান তিনি।

রিয়ালের জার্সিতে এসপির করা প্রথম দুটি গোলই এসেছে ম্যাচের ৯০ মিনিট বা তার পর। চলতি মৌসুমে লা লিগায় অন্তত দুই ম্যাচে শেষ মুহূর্তে জয়সূচক গোল করার কৃতিত্বও তার।

এর আগে এস্পানিওলের বিপক্ষেও শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে জয় এনে দিয়েছিলেন লেভান্তে থেকে আসা এই তরুণ ফরোয়ার্ড।

এই জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। আগামী ২০ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।