News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
খেলাধুলা 2026-09-17, 10:02am

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে গোলবন্যায় ভাসাল বার্সা

89987-527933522b497476e57d39d7c6c47ba41789617778.jpg


প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর ধারাবাহিকতা ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার নবাগত দল রেসিং সানতান্ডারকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। দুর্দান্ত এই জয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচের শুরু থেকেই রেসিংকে চাপে রাখে বার্সেলোনা। অষ্টম মিনিটেই ২৫ গজ দূর থেকে দুর্দান্ত গতির শটে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও কানসেলো। ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

৩০তম মিনিটে রেসিংয়ের মিডফিল্ডার গেয়ি এক গোল শোধ করেন। তবে ৩৬তম মিনিটে অ্যাসিয়ের ভিল্লালিব্রের আত্মঘাতী গোলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি হয়। প্রথমার্ধের ৪২তম মিনিটে দানি ওলমোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ফলে ৪-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও বার্সার আক্রমণের ধার কমেনি। ৬৫তম মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি গোল করে ব্যবধান ৪-২ করলেও দুই মিনিট পরই আবারও গোলের উৎসবে মেতে ওঠে স্বাগতিকরা। পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া, একই সঙ্গে এটি ছিল বার্সার পঞ্চম গোল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে।

এরপরও আক্রমণ চালিয়ে যায় বার্সেলোনা। ৭২তম মিনিটে ডি-বক্সে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ান লামিনে ইয়ামাল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

৭৯তম মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। লা লিগায় নিজের গোলের খাতা খুলতেও বেশি সময় নেননি সাবেক আর্সেনাল স্ট্রাইকার। ইয়ামালের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে প্রথম ছোঁয়াতেই বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

ম্যাচের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পান ইয়ামালও। ৮৯তম মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করে রেসিংয়ের দুজন খেলোয়াড়কে কাটিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান আডেইয়েমি। ডি-বক্সে ঢুকে ছোট করে কাটব্যাক করলে জোরালো শটে বার্সার সপ্তম গোলটি করেন ইয়ামাল।

এই গোলের মাধ্যমে লা লিগায় টানা চার ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ইয়ামাল। চলতি লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা সাত ম্যাচের পাঁচটিতেই অন্তত পাঁচ গোল করেছে। সাত ম্যাচে কাতালানদের মোট গোল ৩৩টি, বিপরীতে প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পেরেছে মাত্র সাতবার।

লা লিগায় ছয় ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৮ পয়েন্টে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। তিন পয়েন্ট পিছিয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লিগে তৃতীয় হারের মুখ দেখা রেসিং সানতান্ডার সাত পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।