
ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার ফারহান আলী, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালার।
চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণ। উরুর পেশিতে চোট পাওয়ায় আসন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। ডুলির চূড়ান্ত দলে থাকা তপুর পরিবর্তে ডাক পেয়েছেন শাহরিয়ার ইমন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চূড়ান্ত দলে তিন গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোও দলে জায়গা পাননি। একইভাবে ট্রায়ালে অংশ নেওয়া প্রবাসী ফুটবলার ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার ও ইউসুফ আহমেদও চূড়ান্ত দলে সুযোগ পাননি।আলোচনায় ফারহান
নতুন প্রবাসী ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ১৯ বছর বয়সী ফারহান আলী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে বর্তমানে ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলছেন এই উইঙ্গার।
বাংলাদেশের হয়ে এবারই তাঁর আন্তর্জাতিক অভিষেক হতে পারে। কোচ থমাস ডুলি ফারহানকে নিয়ে আশাবাদী। তাঁর প্রত্যাশা, গোলমুখে ফারহানের গতি ও ফিনিশিং দক্ষতা বাংলাদেশ দলকে বাড়তি সুবিধা দিতে পারে।
দীর্ঘদিন ধরেই একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব অনুভব করছে বাংলাদেশ। সে জায়গায় ফারহান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন ডুলি। টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন এই তরুণ ফুটবলার।
জাতীয় দলে শুকি
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি উইঙ্গার শুকি ইতোফুসাও চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন। চলতি সেপ্টেম্বরের শুরুতে লাওসের ক্লাব সাভান্নাখেত জেলোস থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসিতে যোগ দেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থেকেই দেশের ঘরোয়া ফুটবলে নাম লিখিয়েছেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। জাতীয় দলের ক্যাম্পে নিজের সামর্থ্য দিয়ে কোচের আস্থা অর্জন করে এবার চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনি।
অনূর্ধ্ব-২০ থেকে জাতীয় দলে জিদান
অনূর্ধ্ব-২০ দলের হয়ে আলো ছড়ানোর পর জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী জিদান ইউসুফ। ১৮ বছর বয়সী এই ডিফেন্ডারকেও নিয়ে আশাবাদী কোচ ডুলি।
এদিকে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন মঞ্জুরুর রহমান। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এবার আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার।
ইন্দোনেশিয়ায় যোগ দেবেন হামজা-শমিত
চূড়ান্ত ২৩ সদস্যের দলে আছেন ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী ও শমিত সোম। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি তাঁরা। টুর্নামেন্টের আগে ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
আসিয়ান কাপের ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
আসিয়ান কাপে বাংলাদেশের দল
গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।
ডিফেন্ডার: তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান, রহমত মিয়া।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরছালিন।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী, মিনহাজুল করিম।