News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
বিনোদন 2026-08-05, 8:02am

‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

jannat-c3ac70501ad99a467f14f62dd46423911785895428.jpg

লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশী। ছবি: সংগৃহীত


১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।


তিনি জানান, গ্রেপ্তারের পর মুজিব পরদেশীকে আদালতে হাজির করা হলে পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


মামলার নথি অনুযায়ী, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে মামলা করেন। ২০২৩ সালের ১৫ মার্চ আদালত মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ের সময় তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


ওই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।


মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে লোকগীতি, বিশেষ করে ‘আমি বন্দি কারাগারে’ গানের মাধ্যমে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।