News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বিনোদন ডেস্ক বিনোদন 2026-11-06, 6:57pm

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

james-b4cc344d25a2efe540adbf2678e2304c1793969859.jpg


রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বসছে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ সংগীতানুষ্ঠানে পারফর্ম করবেন নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। প্রিয় শিল্পী ও ব্যান্ডের গান সরাসরি উপভোগের সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামে এ আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে কনসার্টটি।

আয়োজকদের সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৪টায় শুরু হবে মূল সংগীতানুষ্ঠান। দর্শকদের জন্য অনুষ্ঠানস্থলের প্রবেশপথ খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। প্রায় সাত ঘণ্টাব্যাপী এ আয়োজনে কোনো প্রবেশমূল্য লাগবে না। অর্থাৎ বিনা টিকিটেই উপভোগ করা যাবে কনসার্ট।

একই মঞ্চে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে জেমসের জনপ্রিয় গান, মাইলসের কালজয়ী পরিবেশনা, ওয়ারফেজ ও আর্টসেলের রক সংগীত উপভোগের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তাসহ বিভিন্ন কারণে উন্মুক্ত স্থানে বড় পরিসরের কনসার্ট আয়োজন কমেছে। এমন পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।