News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
সিডনি অস্ট্রেলিয়া প্রতিনিধি, আতাউর রহমান: প্রথম পাতা 2026-09-20, 10:10am

সিডনিতে এ-বি স্ট্রিট লাইব্রেরির ২২তম উন্মুক্ত পাঠাগারের যাত্রা শুরু

sydny-8dbbd89775d6062bdec21e1ede29f6a61789877411.jpeg

ছবি : এবি স্ট্রিট লাইব্রেরি


অস্ট্রেলিয়ার সাউথওয়েস্ট সিডনির ম্যাকার্থার হাইটস এলাকায় বইপ্রেমী ও স্থানীয় কমিউনিটির জন্য নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে। এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনক.-এর উদ্যোগে এবং Young Innovators Australia-এর হোস্টশিপে সংগঠনের ২২তম উন্মুক্ত স্ট্রিট লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে।

ম্যাকার্থার হাইটসের Young Innovators Hub-এর সামনে স্থাপিত নতুন এই স্ট্রিট লাইব্রেরি স্থানীয় বাসিন্দাদের জন্য বই পড়া, বই বিনিময় এবং কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। Young Innovators Australia ভবিষ্যতে লাইব্রেরিটির রক্ষণাবেক্ষণ, বই সংগ্রহ এবং বিভিন্ন পাঠাভ্যাসভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ৩৬ মুলহল্যান্ড অ্যাভিনিউ, ক্যাম্পবেলটাউনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউনের সংসদ সদস্য গ্রেগ ওয়ারেন এমপি। বিশেষ অতিথি ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড। এছাড়াও অনুষ্ঠানে কাউন্সিলর আশিকুর রহমান (আশ রহমান), এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সভাপতি কামাল পাশা, Young Innovators Australia-এর প্রতিষ্ঠাতা শাফকাত আলী, প্রেসিডেন্ট শেইয়ান আলী, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, অতিথি এবং বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সেক্রেটারি ও কাউন্সিলর আশিকুর রহমান উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তিনি সংগঠনের যাত্রা, কমিউনিটিতে স্ট্রিট লাইব্রেরির ইতিবাচক প্রভাব এবং Young Innovators Australia-এর সঙ্গে নতুন অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি গ্রেগ ওয়ারেন এমপি বলেন, একটি ছোট্ট উন্মুক্ত বইঘরও কমিউনিটিতে বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু বই পড়ার সুযোগই সৃষ্টি করে না, বরং মানুষকে একত্রিত করে এবং শিশু-কিশোরদের মধ্যে আজীবন শেখার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেয়র ডার্সি লাউন্ড বলেন, তিনি এ-বি স্ট্রিট লাইব্রেরির একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং প্রতিবারই এই উদ্যোগের সম্প্রসারণ দেখে অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, এমন উদ্যোগ শিশুদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে তিনি এ-বি স্ট্রিট লাইব্রেরি ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের চলমান সহযোগিতার প্রশংসা করেন।

Young Innovators Australia-এর প্রেসিডেন্ট শেইয়ান আলী বলেন, তরুণদের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগ কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, তাদের সংগঠন নিয়মিতভাবে লাইব্রেরিটির রক্ষণাবেক্ষণ, বই সংগ্রহ এবং পাঠাভ্যাসভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় Young Innovators Australia-এর প্রতিষ্ঠাতা শাফকাত আলী এবং নাদিম হক তরুণদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, কমিউনিটি নেতৃত্ব এবং বই পড়ার সংস্কৃতি বিস্তারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এ-বি স্ট্রিট লাইব্রেরির উপদেষ্টা ব্রায়ান লল এবং মো. শফিকুল আলম প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন কমিউনিটিতে স্ট্রিট লাইব্রেরির ইতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আল-ফয়সাল কলেজ, মিন্টোর অধ্যক্ষ মিস সোনালি লুথরা জানান, গত কয়েক বছর ধরে কলেজের শিক্ষার্থীরা এ-বি স্ট্রিট লাইব্রেরির জন্য বিভিন্ন থিমভিত্তিক স্ট্রিট লাইব্রেরি নির্মাণে অংশগ্রহণ করছে। তিনি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও সৃজনশীলতা বিকাশে এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।

এবারের “Peter Pan” থিমের স্ট্রিট লাইব্রেরিটি ডিজাইন করেন আল-ফয়সাল কলেজের দুই শিক্ষার্থী হুরিয়া ফয়সাল ও জেবা আল-তাহুরা। তারা পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রেগ ওয়ারেন এমপি তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং সৃজনশীল অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় লেখক ও Skandari Foundation-এর প্রতিষ্ঠাতা মিনা স্কান্দারি এবং ড. মির্জা আরিফ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন এ-বি স্ট্রিট লাইব্রেরির গুডউইল অ্যাম্বাসেডর গ্লেন কসার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার আলমগীর ইসলাম, বার্দিয়া বাংলা স্কুলের অধ্যক্ষ মিলি ইসলাম, Campbelltown Eagles Sports Club-এর পরিচালক মেহেদী খান, সেলিমা আক্তার, ক্যাম্পবেলটাউন পুলিশের মাল্টিকালচারাল লিয়াজোঁ অফিসার রোজমেরি কারিওকি, এস এম আব্রাহাম লিংকন, মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন গাজীপুর এসোসিয়েশনের আহ্বায়ক এবং স্টাডি অস্ট্রেলিয়া ইডুকেশন উইথ ভিসান সিইও ও প্রিন্সিপাল জনাব হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, কাকলী আক্তার, জুই সেন পালসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা।

সমাপনীতে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সভাপতি সমাজের অতি পরিচিত ব্যক্তিত্ব কামাল পাশা বলেন, ২২টি উন্মুক্ত স্ট্রিট লাইব্রেরির এই যাত্রা কেবল বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নয়, বরং একটি পাঠাভ্যাসনির্ভর, সংযুক্ত এবং সচেতন কমিউনিটি গড়ে তোলার আন্দোলন। তিনি এই উদ্যোগে সহযোগিতার জন্য ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল, Young Innovators Australia, স্বেচ্ছাসেবক, দাতা ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে Young Innovators Australia-এর পক্ষ থেকে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। উপস্থিত অতিথিরা নতুন স্ট্রিট লাইব্রেরি পরিদর্শন করেন এবং উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন।

ছবি ও তথ্য: হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন ও কামাল পাশা এবি স্ট্রিট লাইব্রেরি