
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তার বিরুদ্ধে হত্যা, গণগ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চান তারা।
সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এর আগে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরটিতে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে উদ্দেশ করে বিভিন্ন অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে দেখা যায়। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’
ভিডিওতে ওই ব্যক্তিকে আরও অভিযোগ করতে শোনা যায়, বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন তিনি।
একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, এর প্রেক্ষাপট এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে তোলা অভিযোগগুলোর পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা হয়েছে।