News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-14, 9:16am

মার্কিন নির্বাচনের আগে জাহাজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

hormuz-d555664297241a4b0ba110115b7cf0de1791947801.jpg


ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা জোরদার করতে নতুন কৌশল গ্রহণ করেছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম উচ্চ পর্যায়ে ধরে রাখা এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোই এর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। 

খবর রয়টার্সের। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে তেহরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো। ইরানের হুমকি ও হামলায় এ পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তেলের দাম বেড়েছে। 

ইরানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ দিন আগে থেকে দেশটি জাহাজে হামলার ধরন ও গতি পরিবর্তন করেছে। এতে হামলার সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের রাডার সক্ষমতার বড় অংশ ধ্বংস হওয়ার পর দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ছোট নৌযানে নিরস্ত্র পর্যবেক্ষক ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করছে।

সাম্প্রতিক ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালি এলাকায় ট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজকে ঘিরে অন্তত পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ড্রোন হামলাও রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির বাইরে ওমান উপসাগর এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলসংলগ্ন জলসীমায় অভিযান সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছে তেহরান। 

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন নভেম্বরের নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম কমাতে না পারেন, সেটিও তাদের কৌশলের অংশ। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং নতুন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য উচ্চ ঝুঁকির সতর্কতা দিয়েছে।