
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে বুধবার রাতে দেশে ফিরেছেন।
তার সহকারী একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান সোহেল জানান, বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস ছিলেন।
মিজানুর রহমান সোহেল বলেন, ‘স্যার চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। তিনি এখন অনেকটা ভালো আছেন।’
গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে যান মির্জা আব্বাস।
এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান এই রাজনীতিক। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত করেন। জরুরি অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা নেন তিনি। পরে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। পরে ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়া যান তিনি। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরার মধ্য দিয়ে তার এবারের চিকিৎসা সফর শেষ হলো।