
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরে জানানো হবে। এ বিষয়ে গণমাধ্যমের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদেরও অবহিত করবে বিমান কর্তৃপক্ষ।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন যুক্ত হয়েছে।
এ ছাড়া জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মাধ্যমে যাত্রীদের ভ্রমণসংক্রান্ত চাহিদা পূরণে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।