News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-15, 7:07pm

উত্তরায় পাঁচ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

uttara-250051e619ee17d9ee2f542f64e0aa901792069674.jpg


শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানার উৎপাদনসহ অধিকাংশ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবিতে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করেন। এ সময় তাদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে কর্মস্থলে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগ করা হয়েছে।

এতে কারখানাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারখানার কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বিবেচনায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।

নোটিশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচটি কারখানার নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।