News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-16, 7:00am

ভারতে যাওয়ার জন্য বাউবির ছুটি পেলেন সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়ে

bou-9da49716bc60bd77be6948b5ec8d4cf81792112455.jpg


সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তাকে ছুটি মঞ্জুর করা হয়েছে।

গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমতির কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠিতে অনুমোদিত বিধানের ভিত্তিতে ছুটি মঞ্জুর করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ভারত সফরের যাবতীয় ব্যয় মেহেরিন মুনজারিন রত্নাকে নিজেই বহন করতে হবে। এ সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায় থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম জানান, মেহেরিন তার স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার কথা উল্লেখ করে ছুটির আবেদন করেছেন। তবে চিকিৎসার ধরন বা নির্দিষ্ট কোনো রোগের বিষয়ে আবেদনে কী উল্লেখ রয়েছে, তা নথি না দেখে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

এদিকে, মেহেরিনের ভারত সফর ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। তার বাবা আ ক ম মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে। এ কারণে বাবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যেও তিনি দেশটিতে যাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে মেহেরিন মুনজারিন রত্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন মেহেরিন। পোস্টে তিনি উল্লেখ করেন, তার বাবার ওপর আস্থা রেখে শেখ হাসিনা তাকে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।