News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নাটোর প্রতিনিধি প্রথম পাতা 2026-10-22, 7:49am

এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত, আতঙ্ক

fox-2b95d1f09b8b66c5c43622a4d9ec9a041792633798.jpg


নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর পৌরসভার পাঁচটি মহল্লায় এসব ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে দুজন নারী ও নয়জন পুরুষ। তাঁরা নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল, মালঞ্চি ও পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।

আহত ইমরান আলী (৪২) পৌরসভার পূর্ব সোনাপাতিল এলাকার বাসিন্দা। তিনি জানান, সন্ধ্যায় বাড়ি থেকে সেন্টারের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি শেয়াল তাঁর পায়ে কামড় দেয়। পরে পা ঝাঁকিয়ে শেয়ালের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নেন। চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে আরও আট থেকে দশজনকে শেয়ালের কামড়ে আহত অবস্থায় দেখতে পান তিনি।

মালঞ্চি এলাকার বাসিন্দা পলি খাতুন (১৮) জানান, বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় হাসপাতালের গেটে একটি শেয়াল তাঁকে কামড় দেয়। পরে তিনি সেখানেই চিকিৎসা নেন।

পৌরসভার সোনাপাতিল এলাকার আকরামুল হক (৫২) বলেন, বাড়িতে প্রবেশের সময় গেট খোলামাত্র পেছন থেকে এসে একটি শেয়াল তাঁর পায়ে কামড় দেয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অন্যদিকে, আহত মাইনুল ইসলাম জানান, বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একটি শেয়াল তাঁর হাতে কামড় দেয়। এরপর দ্রুত চিকিৎসা নিতে হাসপাতালে যান তিনি।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেয়ালের কামড়ে আহত প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর একে একে অন্য আহতরাও আসতে থাকেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন চিকিৎসা নেন।

চিকিৎসক আরও জানান, শেয়ালের কামড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে ফেলতে হবে। এরপর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুত রয়েছে বলেও জানান তিনি।