
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। আহত সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
হামলাটি কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সংঘাতের মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটছে।
বুধবার সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে দুইজন নিহত হন। আহত হন আরও দুজন। একই দিনে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটিতে দায়িত্ব পালনরত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।সূত্র: রয়টার্স ও আলজাজিরা।