
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
ভোলার জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন।
তার মতে, অর্থবিত্ত না থাকলেও সমাজে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, এমন ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে হবে। এ জন্য সাধারণ মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে। এই গ্যাসের পরিমাণ দেশের বর্তমান গ্যাস মজুতের সমপরিমাণ বলে মনে হচ্ছে। ভোলায় আরও গ্যাসের মজুত থাকারও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ভোলার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। ভোলার গ্যাসের ওপর এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার রয়েছে।
লালমোহন-তজুমদ্দিন নির্বাচনী এলাকায় তিন দিনের সফর শেষে পরে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।