
সৌদি আরবে হুথিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দাম্মাম বিমানবন্দরেও আঘাত হানা হয়েছে। এতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে।
এ ছাড়া সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।