
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে অনুষ্ঠিত ২০২৬ সালের ব্রিডার্স কাপ ঘোড়দৌড় প্রতিযোগিতার সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট ক্ল্যাসিকে জয় পেয়েছে সোভারেনিটি। একই আসরের টার্ফ প্রতিযোগিতায় শিরোপা জিতেছে আইরিশ ঘোড়া বেনভেনুতো চেলিনি। এই জয়ের মধ্য দিয়ে প্রশিক্ষক আইডান ও’ব্রায়েন ব্রিডার্স কাপের ইতিহাসে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) কেনটাকির কিনল্যান্ড রেসকোর্সে অনুষ্ঠিত ৭০ লাখ ডলারের ক্ল্যাসিক প্রতিযোগিতায় জকি জুনিয়র আলভারাদোর নেতৃত্বে দারুণ পারফরম্যান্স দেখায় সোভারেনিটি। ১ মাইল ১ ফার্লং দূরত্বের দৌড় শেষ করতে ঘোড়াটির সময় লাগে ২ মিনিট ০.৩৬ সেকেন্ড। দ্বিতীয় হওয়া দ্য পুমাকে ১.৭৫ লেন্থের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে সে। তৃতীয় হয় নাইটসব্রিজ।
প্রশিক্ষক বিল মটের অধীনে থাকা সোভারেনিটির জন্য এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বছর জ্বরে আক্রান্ত হওয়ায় ব্রিডার্স কাপ ক্ল্যাসিকে অংশ নিতে পারেনি ঘোড়াটি। চলতি বছরও পায়ের সমস্যার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সব বাধা পেরিয়ে এবার শিরোপা জিতে নেয় ২০২৫ সালের কেনটাকি ডার্বি ও বেলমন্ট স্টেকস বিজয়ী ঘোড়াটি।
অন্যদিকে, ৫০ লাখ ডলারের ব্রিডার্স কাপ টার্ফ প্রতিযোগিতায় জয় পেয়েছে আইডান ও’ব্রায়েনের প্রশিক্ষণে থাকা বেনভেনুতো চেলিনি। জকি রায়ান মুরের দক্ষতায় শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শিরোপা জেতে ঘোড়াটি। দ্বিতীয় হয়েছে ম্যাপ অব স্টারস এবং তৃতীয় ডায়মন্ড নেকলেস।
এই জয়ের ফলে ব্রিডার্স কাপের ইতিহাসে ও’ব্রায়েনের মোট শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ২৪। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো প্রশিক্ষকের সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি। একই সঙ্গে চলতি বছরে তার গ্রুপ ও গ্রেড-১ পর্যায়ের শিরোপা জয়ের সংখ্যা ২৮-এ পৌঁছেছে, যা ২০১৭ সালের নিজের রেকর্ডের সমান।
ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই জয়ের মাধ্যমে বেনভেনুতো চেলিনি আগের কয়েকটি হতাশাজনক পারফরম্যান্সের পরও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। চলতি মৌসুমে আইরিশ ডার্বি জয়ের পর প্যারিসের প্রিক্স দ্য ল'আর্ক দ্য ট্রায়োম্ফে নবম হয়েছিল ঘোড়াটি।
সূত্র: এএফপি, রয়টার্স ও আইরিশ টাইমস।